স্পোর্টস ডেস্ক : ভারতের ওয়ানডে অধিনায়ক শুবমান গিল জানিয়েছেন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের পরিকল্পনা নিয়ে নিয়মিত আলোচনা করছেন বিরাট কোহলির সঙ্গে। তার এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পরিকল্পনায় কোহলি এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
সোমবার (১৩ জুলাই) কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার জবাব দিতে গিয়ে গিল বলেন, আসলে পরশুই ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে বিরাট ভাইয়ের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে।
দলের সম্ভাব্য কম্বিনেশন, কারা স্কোয়াডে থাকতে পারে, বর্তমানে দলে না থাকলেও ভবিষ্যতে কারা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং কোন ক্রিকেটারকে কোন ভূমিকায় খেলানো সবচেয়ে কার্যকর হবে—এসব বিষয় নিয়ে কথা হয়েছে।
গিলের এই বক্তব্যে আরেকটি বিষয়ও স্পষ্ট হয়েছে। সম্প্রতি বিরাট কোহলি বলেছিলেন, নিজেকে বারবার প্রমাণ করতে হয় এমন দলে তিনি থাকতে চান না। গিলের কথায় বোঝা যাচ্ছে, ভারতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কোহলি শুধু একজন সিনিয়র ক্রিকেটারই নন, নেতৃত্বের ক্ষেত্রেও তার মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার পর দলের নেতৃত্বের আলোচনায় কোহলিকে খুব একটা সক্রিয়ভাবে দেখা যায়নি। তবে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে গিলের সঙ্গে তার এই ঘনিষ্ঠ পরিকল্পনা ভারতীয় দলের নেতৃত্বের কাঠামোতে নতুন মাত্রা যোগ করতে পারে।
গিল আরও বলেন, ‘গত এক দশক ধরে ভারতীয় ব্যাটিংয়ের মূল ভরসা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা এখনো দলের অবিচ্ছেদ্য অংশ। তাদের অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য অত্যন্ত মূল্যবান। বিভিন্ন কন্ডিশনে গত এক দশকে তারা যা করেছেন, সেটিই তাদের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট।
উল্লেখ্য, ওয়ানডে ক্রিকেটে ভারতের অধিনায়ক হিসেবে ৯৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। এর মধ্যে ৬৫টিতেই জয় পেয়েছে ভারত। ৬৮.৪২ শতাংশ জয়ের হার নিয়ে একাধিক ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ভারতীয় অধিনায়কদের মধ্যে এটিই সর্বোচ্চ।