স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। এই হতাশার মাঝে আরেকটি ধাক্কা খেল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির বোলিংয়ের কারণে জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ দল। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা শেষ করতে ব্যর্থ হওয়ায় দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট ম্যাচ শেষে সময় পর্যালোচনায় (টাইম অ্যালাউন্স) নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। এরপরেই আইসিসির আচরণবিধি অনুযায়ী এই শাস্তি আরোপ করা হয়।
ম্যাচে বাংলাদেশ দলের বিরুদ্ধে ধীরগতির বোলিংয়ের অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার আল্লাহু দিয়েন পালেকার ও আইনো চাবি। তাদের সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার পার্সিভাল সিজারা এবং চতুর্থ আম্পায়ার ফরস্টার মুতিজওয়া।
আইসিসির প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ে যত ওভার কম করবে, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হবে। সেই হিসেবে দুই ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফির মোট ১০ শতাংশ কেটে নেওয়া হবে।
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।