স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক কোচ ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। গত ২৩ জুন বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হলেও বুধবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে চলতি বছরের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ালশ জিম্বাবুয়ে দলের কনসালট্যান্ট হিসেবে কাজ করেছিলেন। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে ‘সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই দলটির সবচেয়ে বড় সাফল্য।
কোচিং স্টাফে বড় কোন পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে। প্রধান কোচ জাস্টিন সামন্সের নেতৃত্বে বর্তমান কোচিং ইউনিটই বহাল থাকছে। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ডিওন ইব্রাহিম এবং ফিল্ডিং ও লোয়ার অর্ডার ব্যাটিং কোচ হিসেবে থাকছেন স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি।
এছাড়া সাবেক অলরাউন্ডার চামু চিবাভাবা জিম্বাবুয়ে ‘এ’ দল ও ইগলস সেটআপের ব্যবস্থাপনায় থাকবেন এবং সিনিয়র দলের ম্যানেজার দিলিপ চৌহানের সহকারী হিসেবে কাজ করবেন। এছাড়া, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে এলটন চিগুম্বুরাকেই রাখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলছে জিম্বাব্বুয়ে। সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৮৫ রানের বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।