স্পোর্টস ডেস্ক : সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের। কিন্তু ইতিহাস লেখা হলো না টাইগ্রেসদের। ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত।
ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে শুরুটা ভালো হয়নি টাইগ্রেসদের। ৮ বলে মাত্র ৪ রান করে ফেরেন ওপেনার দিলারা আক্তার। তবে আরেক ওপেনার জুয়াইরিয়া করেছেন দারুণ ব্যাটিং। তাকে সঙ্গ দিয়েছেন সোবহানা মোস্তারি। -- ডেইলি ক্রিকেট
জুয়াইরিয়া তুলনামুলক আক্রমণাত্মক ব্যাটিং করলেও মোস্তারি ছিলেন ধীরগতির। ৩১ বলে ৩৩ রান করে ফেরেন জুয়াইরিয়া। আর মোস্তারির ব্যাট থেকে আসে ২৬ বলে ২ বাউন্ডারিতে ২২ রান। শারমিন আক্তার পারেননি বড় ইনিংস খেলতে।
তবে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন অধিনায়ক জ্যোতি। ২৭ বলে ৪ বাউন্ডারিতে ৩২ রান করেছেন উইকেট কিপার এ ব্যাটার। বাংলাদেশের ইনিংসে এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান। শেষ দিকে স্বর্ণা ১০ বলে ১৩ আর রিতু মনি করেছেন ৪ বলে ৮ রান।
ভারতের হয়ে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন রাধা ইয়াদভ। ২টি উইকেট শিকার করেছেন শ্রী চারানি।
রান তাড়ায় ঝড়ো শুরু করে ভারত। প্রথম তিন ওভারে ৩১ রান তোলে তারা। ৬ বলে ৮ রান করা স্মৃতি মান্ধানাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মারুফা আক্তার।
তিনে নামা স্বস্তিকা ভাটিয়াকে নিয়ে জুটি গড়েন শেফালী ভার্মা। বাংলাদেশের বোলারদের কোনো পাত্তা দেয়নি তারা। ৩৪ বলে ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৩ রান করে ফেরেন শেফালী। আর স্বস্তিকার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। রিচা ঘোষ পারেননি তেমন কিছু করতে। তবে অধিনায়ক হারমনপ্রীত কৌর ও জেমিমা রদ্রিগেজ ভারতকে বিপদে পড়তে দেননি। দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা।