স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন মূল্যায়নের প্রকৃত মাপকাঠি হবে আসন্ন অস্ট্রেলিয়া সফর। এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ও ধারাভাষ্যকার ব্র্যাড হগ।
সম্প্রতি তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজে সাফল্য পেলেও টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। এবার আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে টাইগাররা।
এই সিরিজের জন্য ধারাভাষ্য করতে বাংলাদেশে এসেছিলেন ব্র্যাড হগ। ধারাভাষ্যের মাঝেই ক্রীড়া সাংবাদিক আতিফ আজমের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেন ব্র্যাড হগ।
সাক্ষাৎকারে হগ জানান, শুধুমাত্র জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলে বাংলাদেশের কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।
তিনি বলেন, অস্ট্রেলিয়া সফর বাংলাদেশের জন্য সত্যিকারের পরীক্ষা। শুধুমাত্র জয়ের চিন্তা নিয়ে মাঠে নামলে লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনাকে বল বাই বল, সেশন বাই সেশন খেলতে হবে। টেস্ট ক্রিকেট নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন সাবেক এই অজি ক্রিকেটার।
তার ভাষ্য, 'টেস্ট নিয়ে শান্ত যে কৌশলের কথা বলছে, সেটাই সঠিক। টেস্ট ক্রিকেটই হলো আসল পরীক্ষা। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে টিকে থাকাটাই হবে বাংলাদেশের জন্য উন্নতির সবচেয়ে বড় ধাপ। এছাড়া বাংলাদেশের বর্তমান পেস বোলিং অ্যাটাকেরও ভূয়সী প্রশংসা করে এর কারণ হিসেবে স্পিন নির্ভর উইকেট তৈরি থেকে বেরিয়ে আসাকে মন করছেন হগ।
তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তারা এখন স্পিন-নির্ভর উইকেট থেকে বেরিয়ে এসে ভালো মানের উইকেট তৈরির দিকে মনোযোগ দিচ্ছে, যা বিদেশের মাটিতে তাদের সাহায্য করবে।