স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৫ বছর। এর মধ্যেই গোটা ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী। তার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে একের পর এক বিশ্বরেকর্ড খড়কুটোর মতো উড়ে গিয়েছে। প্রথমবার আইপিএল প্লেঅফে খেলতে নেমে সে ভেঙে দিয়েছে ক্রিস গেইলের রেকর্ড। একদিকে যেমন ব্যাট হাতে ঝুড়ি ঝুড়ি রান করছে বৈভব, অন্যদিকে হুহু করে বাড়ছে তার সম্পত্তির পরিমাণও।
কিশোর বৈভবের ব্যাটিং বৈভব দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন এবার হয়তো তাকে জাতীয় দলে ডেকে নেওয়ার সময় এসেছে। ইতিমধ্যেই ভারত এ দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলে ফেলেছে। ভারতের জার্সিতে সবচেয়ে কম বয়সে খেলার নজির রয়েছে শচীন তেণ্ডুলকরের। তাঁর টেস্ট অভিষেক হয় ১৬ বছর ২০৫ দিন বয়সে। সেই রেকর্ড ভেঙে দেওয়ার হাতছানি রয়েছে বৈভবের সামনে।-- সংবাদপ্রতিদিন
আপাতত বৈভব আইপিএল খেলে রাজস্থান রয়্যালসের জার্সিতে। সেখানে তার বেতন ১.১০ কোটি টাকা। তার সঙ্গে রয়েছে ম্যাচ ফি। প্রত্যেক ম্যাচে ৭.৫ লক্ষ টাকা উপার্জন করে সে। এখনও পর্যন্ত আইপিএ দুই মরশুম মিলিয়ে ২২টি ম্যাচ খেলেছে বৈভব। ম্যাচ ফি বাবদ ১.৬৫ কোটি টাকার কাছাকাছি তার আয়। এছাড়াও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের নিয়মিত সদস্য বৈভব। ম্যাচ পিছু সে পায় ২০ হাজার টাকা।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে এককালীন ৪০ লক্ষ টাকা পেয়েছে বৈভব। বিহারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে দিন পিছু বৈভবের আয় ৪০ হাজার টাকা। বৈভবের বিজ্ঞাপনের সংখ্যাও দিন দিন বাড়ছে। ইতিমধ্যেই একটি বিখ্যাত হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে দেখা যায় বৈভবকে। সূত্রের খবর, এই বিজ্ঞাপনের জন্য ৫ কোটি টাকা আয় করে সে। এছাড়াও এমআরএফের তরফ থেকে ব্যাট স্পনসরশিপ হিসাবে ৫ কোটি টাকা পায়।
সোশাল মিডিয়ায় পোস্ট পিছু ৮ লক্ষ টাকা আয় করে বৈভব, এমনটাই সূত্রের খবর। পাশাপাশি উপহার হিসাবে একাধিক আর্থিক পুরস্কার পেয়েছে সে। বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দুই দফায় ৬০ লক্ষ টাকা পুরস্কার দিয়েছেন বৈভবকে। প্রায় ৫০ লক্ষ টাকা দামের মার্সিডিজ বেঞ্জ গাড়িও উপহার হিসাবে পেয়েছে সে। ১৭ লক্ষ টাকার একটি টাটা কার্ভ গাড়িও রয়েছে বৈভবের গ্যারাজে, তবে সেটি উপহার নয়।
মাত্র ১৫ বছর বয়সেই মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাটও কিনে ফেলেছে বৈভব। প্রায় ৩ কোটি টাকা দাম এই ফ্ল্যাটের। বিহারের সমস্তিপুরে বৈভবের পৈতৃক বাড়িটিও প্রায় ৬০ লক্ষ টাকা দাম। আইপিএলের পরে বৈভবের ব্র্যান্ড ভ্যালু আরও বাড়বে বলেই অনুমান। তবে বৈভবের বয়সের কারণে আর্থিক লেনদেনের আইনি চুক্তির অনেকটাই হয় অভিভাবকদের অধীনে। ফলে বৈভবের সম্পত্তির সঠিক পরিমাণটা জানা বেশ কঠিন।
চলতি বছর আইপিএলে স্বপ্নের ফর্মে আছে বৈভব। ১৫ ইনিংসে ৬৮০ রান করেছে বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। গড় ৪৫.৩৩। স্ট্রাইক রেট ২৪২.৮৫। একটি সেঞ্চুরি ও চারটি হাফসেঞ্চুরির পাশাপাশি বৈভব তার মোট রানের ৮৮.৯ শতাংশ চার-ছক্কায়। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকও হতে চলেছে সে। পাশাপাশি পুরনো রেকর্ড ভেঙে একের পর এক নতুন নজির গড়েছে।