শিরোনাম
◈ তনুর পোশাকে চার পুরুষের ডিএনএ, তদন্তে নতুন গতি পেল পিবিআই ◈ টানা পাঁচ জয়ে রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর শেখ রহমানের: জর্জিয়া স্টেট সিনেট নির্বাচন ◈ মাদক-জুয়ায় জড়িয়ে গ্রামছাড়া, শেষ পরিণতিতে প্রকাশ্যে এলো শিশু রামিসার খুনি সোহেল যত অপকর্ম ◈ শিশু রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী ◈ রাস্তার পাশে কাঁদতে থাকা দুই শিশু উদ্ধার, মা ও সৎ বাবা গ্রেপ্তার ◈ এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য যে সুখবর জানালো সরকার ◈ বিশ্বব্যাংকের গবেষণা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বছরে লোকসান গুণছে ৮৮ হাজার ২০০ কোটি টাকা ◈ ‌সৌ‌দি প্রো লি‌গে চ্যাম্পিয়ন রোনাল‌দোর আল নাস্‌র ◈ ২৪ দিন পর উদ্ধার কলাবাগান থানার সেই নিখোঁজ এসআই ◈ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক অর্জন করল বাংলাদেশ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১১:০৭ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌সৌ‌দি প্রো লি‌গে চ্যাম্পিয়ন রোনাল‌দোর আল নাস্‌র

স্পোর্টস ডেস্ক : এক‌চে‌টিয়া দাপট দেখা‌লো আল নাসর। যে কার‌ণে বড় ব‌্যবধা‌নে জয় পে‌য়ে‌ছে তারা। এদিন দুই গোলে এগিয়ে যাওয়ার পর, আচমকাই পেনাল্টিতে গোল হজম করে আল নাস্‌র। তবে দারুণ এক ফ্রি কিকে দলকে সমূহ বিপদ থে‌কে রেহাই দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দামাককে হারিয়ে ছয় মৌসুম পর লিগ চ্যাম্পিয়ন হলো আল নাস্‌র।আল-আওয়াল পার্কে বৃহস্পতিবার সৌদি প্রো লিগের শেষ রাউন্ডে ৪-১ গোলে জিতেছে স্বাগতিকরা। সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পর, ব্যবধান বাড়ান কিংসলে কোমান। দামাক ব্যবধান কমানোর পর, দলের পরের দুটি গোল করেন রোনালদো।

ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে ২০২২ সালের ৩০ ডিসেম্বর সৌদি আরবে পাড়ি জমানোর পর, সেখানে এই প্রথম মেজর কোনো শিরোপার স্বাদ পেলেন রোনালদো। ৩৪ ম্যাচে ২৮ জয় ও দুই ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৬। আল নাস্‌রের এটা একাদশ শিরোপা। এর আগে সবশেষ তারা জিতেছিল ২০১৮-১৯ মৌসুমে। আরেক ম্যাচে আল ফায়হাকে ১-০ গোলে হারানো আল হিলাল ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ।

আরও ১২টি দলের সঙ্গে একই সঙ্গে মাঠে নামে দুই শিরোপাপ্রত্যাশী। রোনালদোরা যেখানে পরিষ্কার সুযোগ তৈরি করতেই ভুগছিল, সেখানে আরেক মাঠে তৃতীয় মিনিটেই সুলতান মানদাশের গোলে এগিয়ে যায় আল হিলাল। তাতে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়েও ওলট-পালট হয়।

যদিও তা অল্প সময়ের জন্যই। নিজেদের গুছিয়ে নিয়ে টানা আক্রমণ শুরু করে নাস্র এবং ৩৪তম মিনিটে এগিয়ে যায় তারা; কের্নারে হেডে গোলটি করেন মানে। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নাস্র। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফরাসি উইঙ্গার কোমান।

ছয় মিনিট পর পেনাল্টি পেয়ে সফল স্পট কিকে ব্যবধান কমান মোরলায়ে। যদিও তাদের সেই একটু স্বস্তিও বেশিক্ষণ থাকেনি। ৬৩তম মিনিটে ডি-বক্সের বাঁদিক থেকে সরাসরি ফ্রি কিকে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান রোনালদো। আর ৮১তম মিনিটে প্রতিপক্ষের দুর্বলতায় ছয় গজ বক্সের ডান দিকে বল পেয়েই বুলেট গতির শটে জয়টা একরকম নিশ্চিত করে ফেলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। এবারের লিগে পর্তুগিজ তারকার গোল হলো ২৮টি।

হাজার গোলের পানে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৭৩টি। শেষ দিকে একসঙ্গে রোনালদো ও মানেকে তুলে নেন কোচ। তবে এতে খেলায় কোনো প্রভাব পড়েনি। এক মুহূর্তের জন্যও যেন তাদের মুখে হাসি থামেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়