স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ প্রচণ্ড চাপের মুখে থেকে পারফরম্যান্সে মন ভরাতে পারল না। তবে ভিনিসিউস জুনিয়রের গোলে প্রত্যাশিত জয় পেল আলভারো আরবেলোয়ার দল।
লা লিগায় রোববার রাতে সেভিয়াকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ৩৭ ম্যাচে ২৬ জয় ও পাঁচ ড্রয়ে ৮৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেভিয়া।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে প্রায় ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য সাতটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে রেয়াল, এবং ওই শটেই এগিয়ে যায় তারা। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা এমবাপে ডি-বক্সে বুক দিয়ে বল নামালেও ভারসাম্য হারিয়ে শট নিতে পারেননি, প্লেসিং শটে ঠিকানা খুঁজে নেন ভিনিসিউস।
লিগে দুই ম্যাচ পর জালের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এবারের লা লিগায় তার গোল হলো ১৬টি, মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২টি। ম্যাচের বাকি সময়ে আরও পাঁচটি শট নিলেও, আর একটিও লক্ষ্যে রাখতে পারেনি সফরকারীরা!