স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও ওয়েলসে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে চমক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ১১ জুন শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা এবারও শক্তিশালী ও অভিজ্ঞতার মিশেলে দল গড়লেও নির্বাচকদের একটি সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ পেসার ডার্সি ব্রাউন। ২০২৩ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ব্রাউন অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার জায়গায় দলে নেয়া হয়েছে অনভিজ্ঞ বাঁহাতি পেসার লুসি হ্যামিল্টনকে। মাত্র ২০ বছর বয়সী হ্যামিল্টন গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। জাতীয় দলে এখন পর্যন্ত তিনি খেলেছেন মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ।
--- চ্যানেল২৪
ডার্সি ব্রাউনকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচক শন ফ্লেগলার বলেন, কন্ডিশন ও দলের ভারসাম্য বিবেচনায় নিয়েই এই পরিবর্তন আনা হয়েছে। তার ভাষায়, ব্রাউনকে দলে না রাখা দুর্ভাগ্যজনক হলেও বর্তমান স্কোয়াডে ছয়জন ডানহাতি পেস বোলিং অপশন থাকায় ইংল্যান্ডের কন্ডিশনে বৈচিত্র্য আনার প্রয়োজন ছিল। সেই কারণেই বাঁহাতি পেসার হিসেবে লুসি হ্যামিল্টনকে সুযোগ দেয়া হয়েছে।
চোট কাটিয়ে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার ও অধিনায়ক সোফি মলিনিউ। অভিজ্ঞতার দিক থেকে দলে আছেন এলিস পেরি, বেথ মুনি, অ্যাশ গার্ডনার এবং তাহলিয়া ম্যাকগ্রার মতো তারকারা। ২০০৯ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেয়া এলিস পেরি এবার নতুন একটি মাইলফলকের অপেক্ষায় আছেন। সুযোগ পেলে তিনি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন।
এবারের আসরে ‘গ্রুপ ওয়ান’ এ রয়েছে অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে একই গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। আগামী ১৩ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে। টুর্নামেন্টে তারা নামছে টানা সাফল্য ধরে রাখার লক্ষ্য নিয়েই।
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে রয়েছেন সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়্যারহ্যাম। রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তাহলিয়া উইলসনকে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল:
সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, গ্রেস হ্যারিস, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।
রিজার্ভ: তাহলিয়া উইলসন।