স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালকে সভাপতি করে বিসিবির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর থেকে গত দেড় বছরে তিনবার বদল হয়েছে বিসিবি সভাপতির চেয়ার। মাঠের বাইরে বিতর্কিত সব কাণ্ডে মনে হবে খেলার চেয়ে ধুলা বেশি। যা নিয়ে নিয়মিতই হয় আলোচনা-সমালোচনা।
মঙ্গলবার (৭ এপ্রিল) তামিমের নেতৃত্বাধীন ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। সেই কমিটি নিয়ে মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিওবার্তা দেন আফতাব। বাংলাদেশের ক্রিকেটকে সার্কাস হিসেবে আখ্যা দেন তিনি।
আফতাব বলেন, যে পরিমাণ সার্কাস চলতাছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করেও টিকিট কেনেন, আপনার টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড আর ক্রিকেট বোর্ডের আশপাশে যারা আছে তারা।
আফতাব যোগ করেন, ‘এ সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য সবাইকে অনুরোধ জানালাম, ধন্যবাদ।
দায়িত্ব পেয়ে অ্যাডহক কমিটির প্রথম বোর্ডসভা করেছেন তামিমসহ বাকি সদস্যরা। আজ মিরপুরে বিসিবি ভবনে বোর্ডসভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম।
তামিম ইকবাল বলেন, ‘আজ (গতকাল) আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে যারা এসেছে, তারা প্রথমেই ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছে। আমরা এটা বলতে চাই না। আমাদের প্রথম কাজ হবে, বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’
তামিমের ভাষ্য, গত দেড় বছরে ক্রিকেটের রেপুটেশন নষ্ট হয়েছে। সবাই মিলে সেটা ঠিক করতে হবে। তিনি বলেন, ‘গত এক-দেড় বছরে ক্রিকেটের রেপুটেশন ড্যামেজ হয়েছে। সেটি সবাই মিলে ঠিক করতে হবে। ক্রিকেট আমাদের একটা গর্বের ব্যাপার। গর্বটা ফিরিয়ে আনতে হবে।