স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠের ১ লাখ ৩২ হাজার দর্শকের গগন বিদারি চিৎকার, প্রায় সকলের মুখে ভারত ভারত রব। এবার আর হতাশা নিয়ে নয়, শিরোপা জয়ের আনন্দ সাথে করে বাসায় ফিরেছেন সমর্থকরা। ফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি নিউজিল্যান্ড।
আহমেদাবাদে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তোলে স্বাগতিকরা। যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে ১৫৯ রানে থামে কিউইরা। ৯৬ রানের জয় পায় স্বাগতিকরা। -- ডেইলি ক্রিকেট
এ নিয়ে তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত। সেই সাথে টানা দ্বিতীয়। যা পারেনি আর কোনো দল।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড় তোলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। কিউই বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান তারা। ৭ ওভারে স্কোরবোর্ডে ৯৮ রান তোলেন অভিষেক ও স্যামসন। ২১ বলে অভিষেক ৫২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি।
আরও একবার সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে ফিরেছেন স্যামসন। ৪৬ বলে তার ব্যাট থেকে এসেছে ৮৯ রান। ইনিংসটিতে ৫ বাউন্ডারি ও ৮টি ছক্কা মেরেছেন স্যামসন। তিনে নামা ইশান কিষানও তুলে নিয়েছেন ফিফটি। ২৫ বলে ৫৪ রান করেছেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ৪৬ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন জিমি নিশাম।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। ভারতীয় বোলারদের কোনো জবাবই দিতে পারেননি তারা
নিউজিল্যান্ডের হয়ে ২৬ বলে ৫২ রান করেছেন টিম সেইফার্ট। মিচেল স্যান্টনারের ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৪৩ রান। যা কিউইদের হারের ব্যবধান কমিয়েছে শুধু।
ভারতের হয়ে ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেছেন জাসপ্রিত বুমরাহ। ৩টি উইকেট নিয়েছেন আক্সার প্যাটেল।