স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। তবে এবার এসে একের পর এক চমক দেখাচ্ছে সিকান্দার রাজার দল। অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারিয়ে দিলো তারা। মাঝে আফ্রিকার দলটি হারায় ওমানকে, আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত। সব মিলিয়ে অপরাজিত থেকে সুপার এইটে জিম্বাবুয়ে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। ---- ডেইলি ক্রিকেট
অথচ আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরার জুটিতে ওঠে ৫ ওভারে ৫৪ রান। ১৪ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করা পেরেরাকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ব্লেসিং মুজরাবানি। তিনে নামা কুশল মেন্ডিস ভালো করতে পারেননি। ২০ বলে তার ব্যাট থেকে এসেছে ১৪ রান।
তবে ওপেনার পাথুম নিশাঙ্কা তুলে নিয়েছেন ফিফটি। গত ম্যাচে সেঞ্চুরি করা লঙ্কান এ ওপেনার এদিন থামেন ৪১ বলে ৬২ রান করে। ইনিংসটিতে ৮টি বাউন্ডারি মেরেছেন নিশাঙ্কা। এছাড়াও ২৫ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন পাভান রাত্নায়াকে।
জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজরাবানি, ব্রাড ইভান্স ও গ্রায়েম ক্রেমার। বড় লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়েকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। তাদের ওপেনিং জুটিতে ওঠে ৬৯ রান। ২৬ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান করা মারুমানিকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন দুনিথ ভেল্লালাগে।
তিনে নেমে ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেলেছেন রায়ান বার্ল। ১২ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৩ রান করেন তিনি। তবে একপ্রান্ত আগলে ধরে রেখেছিলেন ওপেনার ব্রায়ান বেনেট। চারে নেমে ঝড় তুলেছিলেন রাজা।
জিম্বাবুয়ান অধিনায়ক খেলেন ২৬ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৫ রানের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দেন বেনেট। রাজা ম্যাচ শেষ করে আসতে না পারলেও জিম্বাবুয়েকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বেনেট। খেলেছেন ৪৮ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংস। ইনিংসটিতে ৮টি বাউন্ডারি মেরেছেন জিম্বাবুয়ের এ ওপেনার। শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন দুশান হেমন্থা।