শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারানোর পর পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

২২ বছর পর তো একেবারে কম সময় নয়। ২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে আজ শেখ মোরসালিনের গোলে ফুরোল বাংলাদেশের দীর্ঘ ২২ বছরের অপেক্ষা।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। ১১ মিনিটে মোরসালিনের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা জিতেছে ১-০ ব্যবধানে। রেফারির শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে ছড়িয়ে পড়ল আনন্দ। হামজা চৌধুরী লুটিয়ে পড়লেন মাটিতে। শমিত শোম জড়িয়ে ধরলেন কিউবা মিচেলকে। ম্যাচ শেষ হতে না হতেই এল মোটা অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২ কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই থ্রিলটা (ভারতের বিপক্ষে জয়) আমি দায়িত্বে থেকে পাওয়ার ফলে নিজেও গর্বিত বোধ করছি। আজ বাংলাদেশের মানুষকে অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছি।’

এ বছরের মার্চে শিলংয়ে হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। সেই ম্যাচে হামজা কাঁপিয়ে দিলেও ফিনিশারদের দুর্বলতায় বাংলাদেশ ম্যাচটা শেষ করেছিল গোলশূন্য ড্রয়ে। আট মাস পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এল সেই শুভক্ষণ। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার কাছে ২২ বছর পর ভারতকে হারানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটা আসলে কোনো ব্যাপার না। ২২ বছরে হয়নি। তবে আমরা হেরে গিয়েছিলাম। এটাই কথা।’

১-০ গোলের জয়টা অতটা সহজে আসেনি। চাপ সামলে বাংলাদেশের গোলপোস্টের সামনে ‘চীনের মহাপ্রাচীর’ বনে যান মিতুল মারমা। তবে মাঠের লড়াই ছাড়াও বাংলাদেশ-ভারত ম্যাচে উত্তেজনা দেখা গেছে। শোল্ডার চ্যালেঞ্জের পর থ্রো করতে যাওয়া বিক্রম প্রতাপকে বাধা দেন তপু বর্মণ। তাতে তাঁর দিকে তেড়ে আসেন নিখিল প্রভু ও ম্যাকারটন নিকসন। জটলার মধ্যেই মোরসালিন ধাক্কা মেরে বসেন নিখিল। তাই তপু ও নিখিল দুজনেই দেখেন হলুদ কার্ড। বাংলাদেশ-ভারত ম্যাচে যে খেলোয়াড়দের শারীরিক শক্তি প্রদর্শন করতেও দেখা গেছে, সেটা অবশ্য স্বাভাবিক মনে করেন হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বলেন, ‘এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। মাঝেমধ্যে শারীরিক শক্তি প্রদর্শন করতে দেখা যায়। ফুটবল এমনই।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়