স্পোর্টস ডেস্ক :ভারত নারী ক্রিকেটে প্রথমবার ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে স্মৃতি মান্ধানারা। প্রথমবার শিরোপা জেতা ভারতীয় দলে উদযাপনের কোনো কমতি ছিল না। সেইসাথে যোগ হয়েছে চোখ কপালে তোলার মতো অর্থ পুরস্কার।
রোববার মুম্বাইয়ে আগে ব্যাট করে ২৯৮ রান তোলে ভারত। জিততে হলে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ ১৬৭ রান তাড়া করে জেতার নজির আছে। শেষ পর্যন্ত জিততে পারেনি দক্ষিণ আফ্রিকাও। --- ডেইলি ক্রিকেট
অধিনায়ক লরা ওলভার্টের সেঞ্চুরির পরও ২৪৬ রানে থামে প্রোটিয়ারা। ভারত পায় প্রথমবার বিশ্বজয়ের স্বাদ।
বিশ্বকাপ জেতায় চ্যাম্পিয়ন দলের জন্য ৫১ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৭১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। বিশাল অঙ্কের এ অর্থ খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
আইসিসি থেকেও বড় অঙ্কের অর্থ পাবে ভারত নারী দল। বিশ্বকাপ জেতায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা পাবে হারমনপ্রীত কৌরের দল।
প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা ভারতের ক্রিকেটের ভবিষ্যত পাল্টে দেবে মনে করছে বিসিসিআই। ভারতের সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাতকারে বিসিসিআাইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেন , ‘এই জয় শুধু এক ম্যাচের জয় নয়, এটি এমন এক মুহূর্ত যা ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।
তিনি আরও বলেন, ‘এই সাফল্য পরবর্তী প্রজন্মের নারী ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটি নারীদের ক্রিকেটের ইতিহাসে এক বিশাল পদক্ষেপ।