আমীন-আল-রশীদ: দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো, ইত্তেফাক, সমকালসহ আরও একাধিক সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেল রবিবারকে ‘রোববার’ লেখে। রোববার মানে কী? সপ্তাহের সাতদিন গ্রহ-উপগ্রহের নামে। যেমন: সোমবার। সোম মানে চাঁদ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি, সবই গ্রহের নামে। ইংরেজিতে যেটি সানডে, বাংলায় সেটি রবিবার। ‘সান’ মানে সূর্য। আর বাংলায় সূর্যের প্রতি শব্দ হচ্ছে ‘রবি’। রোব বলে কোনো শব্দ নেই। বাংলা একাডেমির অভিধানেও রবিবার। রোববার বলে কিছু নেই। প্রথম আলোর যে ভাষারীতি আছে, সেখানে তারা লিখেছে রবিবার। অথচ পত্রিকার প্রিন্টার্স লাইনে লেখে রোববার। রোববার মানে কী? রবি মানে সূর্য। রোব মানে কী?
রোববার মূলত কথ্য ভাষা। শুনতে ভালো লাগে। যেমন সাহিত্যে বৃহস্পতিবারকে বিষ্যুৎবার/বিষ্যুদবার ইত্যাদি লেখার চল আছে। কিন্তু কথ্য ভাষা গণমাধ্যমের ভাষায় হয় না। সুতরাং যে যুক্তিতে রবিবারকে রোববার লেখা হয়, সেই যুক্তিতে শনিবারকে শোনবার লেখা উচিত। তা তো লেখা হয় না।
গণমাধ্যমের মূল কাজ তিনটি। To Inform, To Entertain, To Educate. অর্থাৎ তথ্য দেয়া, বিনোদন দেয়া এবং মানুষকে শিক্ষিত করা। কিন্তু রবিবারকে রোববার লেখার মধ্য দিয়ে তো একটা ভুল জিনিস শেখানো হচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার। লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে