সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমায় ড্রোন হামলার খবরে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে বলা হয়েছে, পবিত্র মক্কা ও অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি বাংলাদেশের গভীর শ্রদ্ধা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও সুরক্ষা সবসময় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে। এসব স্থানের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রতি জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করে বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।