শিরোনাম
◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণের সরকারি ভ্রমণ ব্যয়ের বিল দাখিল ও অর্থ বরাদ্দের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ভ্রমণ ব্যয়ের বিলের সঙ্গে প্রয়োজনীয় প্রমাণক সংযুক্ত করা, নির্ধারিত সময়ের মধ্যে অগ্রিম সমন্বয় এবং বিলের তিনটি সেট দাখিলসহ সাতটি বিষয় বাধ্যতামূলক করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসেবা শাখা থেকে গত ৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ সরকারি কাজে দেশে ও দেশের বাইরে ভ্রমণ করেন। ভ্রমণ শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিল দাখিল করতে হবে।

বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক জারি করা অফিস আদেশের কপি বিলের সঙ্গে সংযুক্ত করতে হবে।

এছাড়া যানবাহন ভাড়ার ক্ষেত্রে প্রকৃত ভাড়ার টিকিট, বিমান ভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিটের সঙ্গে বোর্ডিং পাস, অনুমোদিত ভ্রমণ বিবরণী ও ভ্রমণসূচি এবং আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের কপি বা প্রমাণক দাখিল করতে হবে।

বৈদেশিক ভ্রমণের ব্যয়ের ক্ষেত্রে টাকার সঙ্গে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রার বিনিময় হার সংক্রান্ত বিবরণী এবং অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভাউচার বা প্রমাণকও দিতে হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারপ্রধান কর্তৃক অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখিত ভ্রমণকালের অতিরিক্ত সময় কেউ ভ্রমণ করলে তার জন্য পুনরায় অনুমোদন নিতে হবে।

অগ্রিম অর্থ বরাদ্দের ক্ষেত্রে অর্থ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। একই সঙ্গে অগ্রিম অর্থ নিয়ে ভ্রমণ করলে ভ্রমণ শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয় বিল দাখিল করতে হবে।

আগের ভ্রমণের অগ্রিম বিল সমন্বয় না করা হলে পরবর্তী ভ্রমণের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে না।

নথি ব্যবস্থাপনা ও অর্থ ছাড়ের সুবিধার্থে প্রয়োজনীয় সময় হাতে রেখে অগ্রিম অর্থ বরাদ্দের বিল দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া মূলকপিসহ বিলের মোট তিন সেট জমা দিতে হবে। বিলের সব ফটোকপি যথাযথভাবে সত্যায়িত হতে হবে।

পরিপত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) শারমিন ইয়াসমিন।

পরিপত্রটি সকল সিনিয়র সচিব ও সচিব, মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের একান্ত সচিব, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা (ডিডিও) এবং সংশ্লিষ্ট আইসিটি কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের পরিপত্র বক্সে এটি আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ