আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সংঘাতের উত্তাপ ফের ছড়াল কৃষ্ণসাগরে। টানা দুই দিনে ওই জলপথে চলাচলকারী দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এবার ইউক্রেনের ড্রোন হামলার অভিযোগ উঠেছে লাইবেরিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে। জাহাজটিতে থাকা ২৩ নাবিকই ভারতীয়। সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
রুশ পরিবহণ মন্ত্রণালয়ের দাবি, মঙ্গলবার কৃষ্ণসাগরের উপকূলে সোচির কাছে ট্যাঙ্কারটিতে ড্রোন হামলা হয়। তেলবাহী জাহাজটিতে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। হামলার পর সোচির উপকূলীয় এলাকায় সাধারণ মানুষের চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়। --- আনন্দবাজার
এর এক দিন আগেই কৃষ্ণসাগরে তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে রাশিয়ার বিরুদ্ধে। রোমানিয়ার জলসীমার বাইরে ওই হামলায় অন্তত দুজন নাবিক নিহত হন। আহত হন আরও কয়েকজন। আহতদের মধ্যে একজন ভারতীয় ছিলেন। জাহাজে থাকা আরও দুজন ভারতীয় নাবিক অক্ষত রয়েছেন বলে জানায় রোমানিয়ায় ভারতের দূতাবাস।
ঘটনার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কৃষ্ণসাগরসহ গুরুত্বপূর্ণ জলপথে বেসামরিক জাহাজে হামলার নিন্দা করেন। তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই সম্ভব। তবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ নিয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি।
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষই একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়েছে। ফলে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।