ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি যুক্তরাষ্ট্রের হামলা থেকে দুবার বেঁচে গেছেন বলে দাবি করেছেন দেশটির এক ধর্মীয় নেতা। তার দাবি, প্রথম দফায় হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই চিকিৎসাকেন্দ্রেও মার্কিন বাহিনী হামলা চালায়। সেখান থেকে তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
কাতারের টেলিভিশন চ্যানেল আল আরাবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য আয়াতুল্লাহ মোহসেন হেইদারি আলেকাসির।
আলেকাসিরের ভাষ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মোজতাবা খামেনিকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হামলায় ৮৬ বছর বয়সী আলি খামেনি, তার কয়েকজন সহযোগী ও পরিবারের সদস্য নিহত হন।
এরপরের কয়েক দিনে তেহরানের তিনটি হাসপাতালে হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। আলেকাসির বলেন, মোজতাবা খামেনি ওই তিনটির তৃতীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে হামলার পর তাকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, পরে মোজতাবতাকে অজ্ঞাত একটি স্থানে সরিয়ে নেয়া হয়। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি, এমনকি ক্যামেরার সামনেও আসেননি।
আলেকাসির আরও দাবি করেন, তাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে- এমন কোনো ধারণাই সে সময় মোজতাবা খামেনির ছিল না। রাষ্ট্রীয় টেলিভিশনে ৮ মার্চ তার নাম ঘোষণা হওয়ার আগ পর্যন্ত তিনি বিষয়টি জানতেন না। তবে সিদ্ধান্ত নেয়ার পর ‘আইনগত ও ধর্মীয়ভাবে’ তাকে দায়িত্বটি গ্রহণ করতে হয় বলে দাবি করেন আলেকাসির।
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব অ্যাসেম্বলি অব এক্সপার্টসের। আলেকাসির জানান, মোজতাবা খামেনির নাম প্রস্তাবকারীদের মধ্যে তিনিই প্রথম ছিলেন। তার দাবি, মোজতাবা দেশটির সর্বোচ্চ নেতৃত্ব দেয়ার মতো শারীরিকভাবে সুস্থ- এমন তথ্য পাওয়ার পর তিনি তার নাম প্রস্তাব করেন।
প্রতিবেদন অনুযায়ী, ৫৯টি ভোটের মধ্যে মোজতাবা খামেনি পান ৫০ ভোট। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট এবং একজন ভোটদানে বিরত থাকেন।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে আলেকাসিরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘শত্রুর অবস্থান বিবেচনায় ইসলামি প্রজাতন্ত্রের নেতা ও সর্বোচ্চ পথপ্রদর্শক হিসেবে আয়াতুল্লাহ মোজতাবা খামেনি ছাড়া অন্য কাউকে আমরা নির্বাচিত করব না।’
এদিকে গত সপ্তাহে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, মোজতাবা খামেনি পুরোপুরি সুস্থ আছেন।