শিরোনাম

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:৫০ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেটিং অ্যাপে সম্পর্ক, অন্তরঙ্গ ছবি-ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলের অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণের পর ব্ল্যাকমেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

শনিবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পল্লবী সিং রাজপুত নামে পরিচিত ওই নারী টিন্ডারসহ বিভিন্ন ডেটিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করতেন বলে অভিযোগ রয়েছে। প্রথমে বন্ধুত্ব এবং পরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হতো। এরপর সাক্ষাতের সময় তাদের ছবি ও ভিডিও ধারণ করা হতো বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগ রয়েছে, এসব ছবি ও ভিডিও পরবর্তী সময়ে ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো গুরুতর ফৌজদারি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ উঠেছে।

এক হাইকোর্টের আইনজীবীর অভিযোগের সূত্র ধরে কথিত এই চক্রের বিষয়টি সামনে আসে। অভিযোগকারীর দাবি, এভাবে কয়েকজন পুরুষের কাছ থেকে ৬ কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। তার অভিযোগ, ওই নারীর করা মামলার ভিত্তিতে অন্তত পাঁচজনকে কারাগারেও পাঠানো হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে আরও মামলা এবং সামাজিকভাবে হেয় করার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

মামলার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ছবিতে বিছানার ওপর বিপুল পরিমাণ টাকার বান্ডিল দেখা যায়। অন্য একটি ছবিতে এক নারীকে অস্ত্রসদৃশ একটি বস্তু হাতে দেখা গেছে। তবে এসব ছবির উৎস, সময় ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরেক অভিযোগে বলা হয়েছে, নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য ওই নারী বিভিন্ন নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহার করতেন। এর মধ্যে ‘সুইটি তিওয়ারি’ নামটিও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পল্লবী সিং রাজপুতকে এই কর্মকাণ্ডে আরও দুই নারী ও দুই পুরুষ সহযোগিতা করতেন।

তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়