স্পোর্টস ডেস্ক : বিসিবি নির্বাচনের আগে একজন সাবেক ক্রিকেটারের দৌড় ঝাঁপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফারুক আহমেদ। নির্বাচনকে প্রভাবিত করতে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে ভোর ৫টা পর্যন্ত ঐ ক্রিকেটার মিটিং করেছে বলেও অভিযোগ করেছেন বিসিবি সহসভাপতি।
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বয়কট করে প্রায় ৫০টি ক্লাব। যার কারণে ঘরোয়া ক্লাব ক্রিকেট এক প্রকার অচল হয়ে গেছে। বয়কট করাদের তালিকায় আছেন তামিম ইকবালও। -- ডেইলি ক্রিকেট
ফারুক বলেন, একটা কথা আমি বলতে চাই আজকে সবার সামনে। এই নির্বাচন হওয়ার আগে কে কত দৌড় ঝাঁপ করেছে কে উপদেষ্টা মহোদয়ের কাছে ভোর ৫টা পর্যন্ত মিটিং করেছে এগুলো আমি জানি। বনিবনা হয়নি বা কী হয়েছে আমি জানি না।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমি তো কোনো দিন তার বাসার বাইরে গাড়ি পার্ক করে গাড়িতে ঘুমিয়ে যাইনি। সে কখন আমাকে ডাকবে। এ জিনিসটা সে জানে। এই জিনিসটা সে জানে তাকে কীভাবে কত মানুষ চেষ্টা করেছে তার সঙ্গে কথা বলার দেখা করার।
বিসিবিতে অস্থিরতা কমছেই না। সবশেষ বোর্ড মিটিংয়ের দিনও পদত্যাগ করেছেন ৪ পরিচালক। সব মিলিয়ে এই বোর্ডের পরিচালকের পদত্যাগের সংখ্যা ৭জন।
এই প্রসঙ্গে ফারুক বলেন, ‘আমার মনে হয় উদ্দেশ্যপ্রণোদিত। কেননা আপনি জানেন যে আমাদের বোর্ড থেকে বেশ কিছু পরিচালক পদত্যাগ করেছেন এবং এটা একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় বোর্ডের ভেতর।