মনিরুল ইসলাম : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের ৩৪তম তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা।
প্রধানমন্ত্রী সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
বৈঠকে দুই প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বৈঠকটি দক্ষিণ এশিয়ার দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক বার্তা বহন করে এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে সহায়ক হতে পারে।