হারুন-অর-রশীদ, ফরিদপুর: আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় ও ভালো কাজের প্রশংসনীয় স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ পদক পেয়েছেন ফরিদপুরের কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্র্যাউন্ডে শামীম হাসানকে ব্যাজ পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ২০২২ সালের প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসাবে পুলিশ সদস্যদের বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দুঃসাহসিক এবং ভালো কাজের জন্য ২০২২ সালে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে স্বীকৃতি এবং সাধারণ মানুষের মাঝে শামীম হাসান মানবিক পুলিশ অফিসার হিসেবে বেশ পরিচিত।

এছাড়াও তিনি ২০১৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করার পর থেকেই ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ মামলার রহস্য উন্মোচন ও ২০২২ সালে ক্লূলেস ছিনতাই, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের ১০ লক্ষ টাকা চুরি, একজন মৃত সরকারি কর্মকর্তার ২০ লক্ষ টাকা চুরির মামলার রহস্য উন্মোচনসহ নানা ঘটনার সুষ্ঠু তদন্তে ভূমিকা রাখায় তাঁকে এই আইজি ব্যাজ প্রদান করা হয়।
গত ৩ জানুয়ারি এবারের পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন তিনি রাজারবাগে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন অভিবাদন গ্রহণ করেন। ওই অনুষ্ঠানে ১১৭ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন সরকার প্রধান। এছাড়াও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ জানুয়ারি শেষ হবে এবারের পুলিশ সপ্তাহ।
এব্যাপারে এসআই শামীম হাসান বলেন, ‘যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। কাজের অনুপ্রেরণা যোগায়। আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশের কর্তৃপক্ষকে।’
তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে যেন আরও সততা ও নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করতে পারি সেই দোয়া চাই সবার কাছে।’
প্রতিনিধি/এনএইচ