রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়ারদের খুঁজে বের করে তাদের ক্রীড়াঙ্গণে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নীলফামারীর ডোমারে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর খেলোয়ার বাছাই কার্যক্রম। বাছাই কার্যক্রমে উপজেলার সোনারায় ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খেলোয়ার বাছাই কার্যক্রম ।
উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২৭অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে উক্ত বাছাই কার্যক্রম পরিচালিত হবে। বাছাই কার্যক্রমের অংশ হিসেবে সোনারায় ইউনিয়নের সোনারায় ফার্মহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ রোববার কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
সোনারায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আফজালুল হক,উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ,বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি আসিনুর রহমান, ব্যবসায়ী ও সমাজ সেবক মো.জুয়েল রানা,জাসাস নীলফামারী জেলা যুগ্ন আহবায়ক মো.জাকির হোসেন হিটলার,জামায়াতের ইউনিয়ন আমির মো.হযরত আলী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন রমনী কান্ত রায় ও মোছা. আফরোজা বেগম চৌধুরী মিলি।
আয়োজকরা জানান, সোনারায় ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং ছয়টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাছাই কার্যক্রমে অংশ নেয়। চতুর্থ ও পঞ্চম শ্রেণি এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের সুযোগ পায়।
বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা, শারীরিক সক্ষমতা, দক্ষতা ও নৈপুণ্য তুলে ধরে। যাচাই বাছাই শেষে যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত করা হচ্ছে।
আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য হলো গ্রাম বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।