সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে বসত ভিটায় গভীর নলকূপ স্থাপনকালে মাটির নিচ থেকে উদগীরিত গ্যাসে আগুনের 'কুন্ডলি' সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের কূপ থেকে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ধারণা করা হচ্ছে, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিসের ৪ টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ( দুপুর ১ টা ) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টা থেকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোট ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বসত ভিটায় নলকূপের জন্য মাটি খুঁড়তে গিয়ে এই ঘটনা ঘটে বলে জানান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন উখিয়ার স্টেশন অফিসার সাইদুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে ছোট ইনানী এলাকায় স্থানীয় জনৈক মোহাম্মদ আব্দুল্লাহ’র বসত ভিটায় গভীর নলকূপ স্থাপনের জন্য শ্রমিকরা কাজ করছিলেন। এক পর্যায়ে আকস্মিক স্থাপমান নলকূপ থেকে গন্ধযুক্ত গ্যাস বের হওয়ার সাথে সাথেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
“ খবর পেয়ে আমরা এখানে এসেছি, এখনো আগুন জ্বলছে। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাস থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। “
সাইদুল ইসলাম জানান, “ ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনার ব্যাপারে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে খবর অবহিত করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি পেট্রোবাংলার সংশ্লিষ্টদের অবহিত করেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। “
এদিকে আগুনের কুণ্ডলীর বিস্তার বেশি থাকায় স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেল কাজ করেন স্থানীয় যুবক আলামিন।
তিনি বলেন, “যেখানে আগুনের সৃষ্টি হয়েছে পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি, ফায়ার সার্ভিস এসেছে। হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি।”
অন্যদিকে আগুন জ্বলতে থাকার কারণে বৈদ্যুতিক খুঁটির তারে তা লেগে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী-পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।