ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে কৃষক আব্দুর রাজ্জাকের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুর মধ্যে দুটি ফ্রিজিয়ান ও একটি দেশি গরু রয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুর রাজ্জাক ও তাঁর পরিবার।
হাসান আলী নামের এক যুবক জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের কৃষক আব্দুর রাজ্জাকের বসত বাড়ির পাশে গোয়াল ঘরের তালা ভেঙে তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।