জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের সুপারি বাগান থেকে জাকির হোসেন জুয়েল (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ অক্টোবর) রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদক কারবার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
নিহত জাকির হোসেন জুয়েল পূর্ব নন্দনপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
জানা যায়, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাদক কারবার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা তাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর সুপারি বাগানে মরদেহ ফেলে রেখে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কয়েক দিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।