সৈকত শতদল, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের পর সড়কে ছিটকে পড়ে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় রবিন হাসান (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন।
রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিন হাসান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামের মফিজুর রহমানের ছেলে।
তিনি পুইজোর আলিম মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে বাংলাদেশ হাট এলাকায় একটি ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়লে অজ্ঞাত একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে তাঁকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।