শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরেলগঞ্জে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৩ প্রাণ, আহত এক শিশুসহ ৬

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার : বাগেরহাটের মোরেলগঞ্জে ডাববোঝাই নছিমনের সঙ্গে পরপর তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও ছয়জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের দোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোরেলগঞ্জের দোনা গ্রামের জামাল মাস্টারের ছেলে সোয়েব হোসেন (১৬), নজরুল খানের ছেলে আমিন খান (২২) এবং কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোনা এলাকায় ডাববোঝাই একটি নছিমনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পরপর তিনটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান।

মোরেলগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোসিফাত খান তিনজনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

Advertisement

গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও গুলিশাখালী গ্রামের রিয়াজুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলোর গতি বেশি ছিল এবং চালকদের কারও মাথায় হেলমেট ছিল না। অন্যদিকে, ডাববোঝাই নছিমনটিও দ্রুতগতিতে চলছিল এবং এর সামনের লাইট জ্বলছিল না বলে তারা জানান। দুর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে গেছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ