হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরের কোতয়ালী এলাকায় অনুমোদনহীন, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের দায়ে জিল্লুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাকিব রহমান আকাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ফরিদপুর) এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)-এর যৌথ সহযোগিতায় কোতয়ালী এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া নকল, মোদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ মজুদ ও বিক্রির প্রমাণ মেলায় অভিযুক্ত জিল্লুর রহমানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর ও ভেজাল ওষুধগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে এসআরবি জানায়, জনস্বার্থে জালিয়াতি, নকল পণ্য ও ভেজাল ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।