ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
সোমবার সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কুদরিন সার্গেই (৫৬)। তিনি ওই ভবনের ৫০১ নম্বর কক্ষে থাকতেন। আহত ব্যক্তির নাম মেনচেভ (৫৩)। তাঁরা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’-এর কর্মী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে কোনো বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়।
গ্রিনসিটি হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সাইফুল ইসলাম বলেন, দুই বিদেশিকে আশঙ্কাজনক ও অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত তাঁদের অন্য হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কুদরিন সার্গেই মারা যান। অপর ব্যক্তি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, নিহত ব্যক্তির মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর রাশিয়ার দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।