নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। বুধবার ভোর ৫টায় কারখানাটির গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নেভানো হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা ডিভিশনের উপ-পরিচালক ছালেহ উদ্দিন। তিনি জানান, ভোর ৪টা ১০ মিনিটে আমাদের আগুনের ঘটনা জানানো হয়েছে। ইপিজেডের ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুনের ভয়াবহতার কারণে নারায়ণগঞ্জ, কাঁচপুরসহ বিভিন্ন ইউনিটের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
ইপিজেড এলাকার বাসিন্দারা জানান, ভোরে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গোডাউনে হঠাৎ আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। আগুন কীভাবে লেগেছে তা তারা জানাতে পারেননি।
আগুনের ঘটনার বিষয়ে জানতে ইপিজেডে যেতে চাইলে বেপজা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন বুধবার সকালে বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য তদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে জানতে আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমানের মুঠোফোনে কল করলেও তিনি ফোন ধরেননি।