আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পাগলা কুকুরের কামড়ে ৭জন আহত হয়েছে। গত সোমবার দুপুরে আদমদীঘি উপজেলার দমদমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে। আহতরা হলেন, দমদমা পূর্বপাড়ার গ্রামের মহির উদ্দিন বাবলু (৬৮), রিজিয়া বেগম (৬৫), আবুল কালাম (৪৫), শহিদুল ইসলাম (৬৪) এবং পাশের গ্রামের অজ্ঞাত তিনজন পথচারী রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ধাওয়া করে ওই পাগলা কুকুরকে মেরে বিলের পানিতে ফেলে দেয়।
কুকুরের কামড়ে আহত মনির উদ্দিন বাবলু জানায়, গত সোমবার সকাল থেকে একটি কুকুর ক্ষিপ্ত হয়ে দমদমা গ্রামের বিভিন্ন লোককে তাড়া করে আসছিল। দুপুরের দিকে কুকুরটি আরো ক্ষিপ্ত রুপ ধারণ করে পথচারীসহ গ্রামের মানুষকে দেখা মাত্র তাড়া করছিল। এতে গ্রামবাসি আতংকিত হয়ে পড়ে। এক পর্যায়ে একে একে উল্লেখিত ৭জনকে কামড় দিয়ে আহত করে।
কুকুরের কামড়ে আহত শহিদুল ইসলাম জানায়, কুকুরের কামড়ে তার পায়ের অনেকটা মাংস কেটে গেছে। দমদমা গ্রামে প্রায় অর্ধশত বেওয়ারিশ কুকুর রয়েছে।