শিরোনাম
◈ বাংলাদেশিদের নিরাপত্তা ঝুঁকি: ভারতের পশ্চিমবঙ্গ-ত্রিপুরাগামী ইমিগ্রেশন স্থগিত চেয়ে আইনি নোটিশ ◈ সংরক্ষিত নারী এমপিদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা নেই, তাদের দায়িত্ব পুরো বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের ছাদ চুইয়ে পানি, ডেপুটি স্পিকারের ঘরেও ‘বাটি থেরাপি’! ◈ ঢাকাসহ সারা দেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক বন্ধ নয়, নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা: সড়ক পরিবহনমন্ত্রী ◈ ‘আঙ্কেল, একটা ছবি তুলবো প্লিজ’—শিক্ষার্থীদের আবদারে থামলেন প্রধানমন্ত্রী, বললেন ‘আসো, আমি ছবি তুলে দিচ্ছি’(ভিডিও) ◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক করছে সরকার ◈ প্রবাসী আয়ে ইতিবাচক সূচনা, জুলাইয়ের ১২ দিনে এলো ১৩২ কোটি ডলার ◈ বিপৎসীমার কাছাকাছি আরও পাঁচ পয়েন্ট, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা ◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৯:১৭ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে সরকারের সহযোগিতার আশ্বাস

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে আধুনিক কসাইখানা (মিট প্রসেসিং সেন্টার) নির্মাণ এবং কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার আধুনিকায়ন নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন রাসিক প্রশাসক। পরে রাসিকের বিভিন্ন বিভাগের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার নির্মাণ এবং চিড়িয়াখানার আধুনিকায়নে রাসিক প্রশাসকের উদ্যোগকে সরকার ইতিবাচকভাবে দেখছে। এ দুটি প্রকল্প বাস্তবায়নসহ রাজশাহীর সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তিনি বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পশু জবাইয়ের আগে স্বাস্থ্য পরীক্ষা, হালাল পদ্ধতিতে জবাই, আধুনিক পরীক্ষাগারে মান নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে পশুর কোনো অংশ অপচয় না করে গবেষণার মাধ্যমে রপ্তানি, জৈব সার ও বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা হবে।

চিড়িয়াখানার আধুনিকায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং তিনি নীতিগতভাবে সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, আম, রেশম, কৃষি, মৎস্য, পরিচ্ছন্নতা ও পর্যটনের সম্ভাবনায় রাজশাহী সমৃদ্ধ একটি অঞ্চল। আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে রাজশাহীর আম রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ রয়েছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে রাজশাহীকে আরও এগিয়ে নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই রাজশাহী চিড়িয়াখানার আধুনিকায়ন এবং নতুন পশুপাখি সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর সহযোগিতা চাওয়ার পর তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন এবং আজ সরেজমিন পরিদর্শনে এসেছেন। সবার সহযোগিতায় রাজশাহীকে একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিনুল হাসান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান।

রাসিকের সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মাংস ব্যবসায়ী সমিতির সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে প্রতিমন্ত্রী তালাইমারী এলাকায় আধুনিক কসাইখানা নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। এ সময় রাসিক প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়