ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের একটি দামী মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার প্রধান ও এজাহারনামীয় আসামি ইব্রাহিম মন্ডল (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই) রাতে কালীগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল উপজেলার নিমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি ইব্রাহিম মন্ডল কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের দাউদ মন্ডলের ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকাল আনুমানিক ১১:২০ ঘটিকায় কালীগঞ্জ পৌরসভাস্থ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন আপ্যায়ন হোটেলের সামনে মহাসড়কের ওপর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী শোয়াইব হাসান (২৪) তার ক্রয়কৃত চার লক্ষ বিশ হাজার টাকা মূল্যের একটি R1-M মডেলের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আসামিরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
পরবর্তীতে আসামিরা ভুক্তভোগী শোয়াইবকে মোবাইল ফোনের মাধ্যমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকি -ধামকি দেন। পরে এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি ছিনতাই মামলা রুজু করা হয়।
এরপরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) জেল্লাল হোসেন নির্দেশে মামলার তদন্ত শুরু করে পুলিশ। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুলাই রাতে নিমতলা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশি অভিযান চলমান রয়েছে।