আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি যাওয়া কম্পিউটারসহ মালামাল উদ্ধার ও চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর উলিপুরের রফিকুল ইসলামের ছেলে নাফিস উদ্দিন (১৯) ও আদমদীঘি সদরের তালসন গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে রায়হান আলী (১৯)। গত রোবার (১২ জুলাই) রাত ৮টা দিকে আদমদীঘি সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গত বৃহস্পতিবার (৯ জুলাই) অফিস ছুটির পর থেকে রোববার (১২ জুলাই) সকাল ৯টার মধ্যে যে কোন সময় অফিস কক্ষের জানালার লোহার রড ভেঙে চোরচক্র ভিতরে প্রবেশ করে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটরসহ বিভিন্ন সামগ্রি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাকির হোসেন আদমদীঘি থানায় গত রোববার সকালে একটি মামলা দায়ের করেন।
এদিকে মামলা দায়েরের পর ওই রাতেই আদমদীঘি থানার মামলা তদন্তকারি উপ পরিদর্শক আরাফাত রহমান একটি সুত্র ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রকে শনাক্ত করার পর উল্লেখিত চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করার পর তাদের দেয়া তথ্যানুসারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চুরি যাওয়া একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি স্ক্যানার ও একটি মনিটর বগুড়া সদরের গোদারপাড়া এলাকায় একটি বাসা থেকে চোরাই মালামাল গুলো উদ্ধার করতে সক্ষম হয়।
আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।