টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটম্বুর হয়েছে রাঙামাটির কাপ্তাই লেক। পানির স্তর বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সব ইউনিট একযোগে চালু রয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রটি ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।
কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ৭ দিন ধরে কাপ্তাই লেকে পানির লেভেল দ্রুত বাড়ছে। ফলে আজ সকাল ৯টা পর্যন্ত ৫টি ইউনিট থেকে ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
কপাবিকের তথ্য অনুযায়ী, ১ নম্বর ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ মেগাওয়াট করে মোট ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট করে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।
শুষ্ক মৌসুমে বিগত জুন মাস পর্যন্ত ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কেন্দ্রটির ৫টি ইউনিট একযোগে চালু করা হয়। সেদিন ৫টি ইউনিট থেকে ১৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
কপাবিকের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯০.৩১ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এ সময়ে লেকে পানি থাকার কথা ৮৫.৪৪ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।