ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ঝিনাইদহের শৈলকুপায় রসুল উদ্দীন নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে শৈলকুপা পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রসুল উদ্দীন আর্জেন্টিনা ও লিওনেল মেসির একনিষ্ঠ সমর্থক ছিলেন। পেশায় তিনি একজন ভ্যানচালক ছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি বড় পর্দায় স্থানীয় দর্শকদের সাথে দেখছিলেন রসুল উদ্দীন।
খেলার একপর্যায়ে মিশর ২-০ গোলে এগিয়ে গেলে তিনি প্রচণ্ড মন খারাপ করে খেলা দেখা ছেড়ে বাড়িতে চলে যান। পরবর্তীতে আর্জেন্টিনা ম্যাচে ২-২ গোলে সমতায় ফিরলে তিনি আবারো খেলাস্থলে ছুটে আসেন এবং অত্যন্ত আনন্দিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত আনন্দের রেশ ধরে তিনি জর্দা দিয়ে পরপর তিনটি পান খান। এর কিছুক্ষণ পরই তিনি তীব্র উত্তেজনা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রসুল উদ্দীনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। অতিরিক্ত উত্তেজনা এবং পানের জর্দার প্রতিক্রিয়ায় তার স্ট্রোক হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রিয় দলের জয়ের রাতে এমন আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে রসুল উদ্দীনের পরিবার ও পুরো বালিয়াডাঙ্গা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।