মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবারের মৌসুমে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এই অতি ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও সড়ক ভেঙেছে। কোথাও গাছ ভেঙে পড়েছে সড়কের ওপর। টানা বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর।
আবহাওয়া ও ভূপ্রাকৃতিক কেন্দ্র চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এবারের মৌসুমে সর্বোচ্চ। সম্প্রতি তৈরি হওয়া মৌসুমি নিম্নচাপের প্রভাব যুক্ত হওয়ায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। যদিও নিম্নচাপটি এখন ভারতের ঝাড়খণ্ড ও ওডিশা এলাকায় সরে গেছে, তবু সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী অন্তত এক সপ্তাহ বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে।
টানা বৃষ্টির মধ্যেই চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় একটি সড়ক ভেঙে গেছে। উড়ালসড়ক নির্মাণের জন্য ওই বাইপাস সড়কটি তৈরি করা হয়েছিল। ভারী বৃষ্টিতে গতকাল রাতে সড়কটি ভেঙে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল। তিনি প্রথম আলোকে বলেন, পতেঙ্গায় আউটার রিং রোডের সঙ্গে একটি উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। এ জন্য একটি বাইপাস সড়ক করা হয়েছিল। সেটি ভেঙে গেছে। তবে এখন মেরামত করা হচ্ছে।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন আজ সকালে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। জলাবদ্ধতা নিরসনের কাজ পরিদর্শনের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
কাতালগঞ্জ আবাসিক এলাকা পরিদর্শনের সময় মেয়র সাংবাদিকদের বলেন, গতকাল সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো থামেনি। এর মধ্যে যেসব এলাকায় পানি জমেছে সেখানে খালের কাজ চলছে। বিশেষ করে হিজড়া খাল, জামাল খান খাল, আজব বাহার খাল ও গুলজার খাল। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কাজ করছে। এখনো কিছু কাজ বাকি রয়েছে। তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সিটি করপোরেশনও এসব এলাকার নালাগুলো পরিষ্কার করেছে। তবে পুরোপুরি নিরসনের জন্য একটু সময় দিতে হবে। কাতালগঞ্জ নিচু এলাকা হওয়ায় পানি জমছে। বৃষ্টি থামলে পানি এক থেকে দেড় ঘণ্টার মধ্যে নেমে যাবে। তবে জলাবদ্ধতা প্রবণ প্রবর্তক মোড়, বহদ্দারহাট, বাকলিয়া, চকবাজার ও মুরাদপুর এলাকায় পানি ওঠেনি বলে সাংবাদিকদের জানান মেয়র শাহাদাত হোসেন।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে আজ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ব নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে ৪৮টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা আজ স্থগিত করা হয়।
সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা প্রথম আলোকে বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষা কমিটির প্রস্তাব অনুযায়ী আজকের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। পরে পরীক্ষার সময়সূচিও জানিয়ে দেওয়া হবে। সূত্র: প্রথমআলো