শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৭:৫২ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোল্লাহাটে শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধ চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ঝালমুড়ি বিক্রেতা নিহত

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ গোলারচক গ্রামের নাসির শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি ভ্যানে করে ছোলা-মুড়ি ও ঝালমুড়ি বিক্রি করতেন। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। অভিযুক্ত আউয়াল শেখ (২৬) একই গ্রামের নাবিউল শেখের ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় সোহাগ ও আউয়ালের সন্তানদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে সোহাগ উভয় পক্ষের শিশুদের শাসন করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত ৯টার দিকে আউয়াল বাড়ি ফিরে সন্তানকে শাসনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন।

একপর্যায়ে তিনি স্থানীয় দাউদ চৌকিদারের দোকানের সামনে গিয়ে সোহাগের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে আউয়াল তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে সোহাগের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত সোহাগকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ