সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে কলার ছড়ি কাটতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত বাংলাদেশি যুবককে চট্টগ্রাম নেয়ার পথে মৃত্যু হয়েছে।
বুধবার রাত পৌণে ১২ টার দিকে তার মৃত্যু হয়েছে।
নিহত মো. শফিউল আলম (৩৫) একই এলাকার মোহাম্মদ কালু মিয়ার ছেলে।
স্বজনদের বরাতে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, বুধবার বিকালে সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আহত শফিউল আলমকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে যান। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। রাতে সেখানে শফিউলের অবস্থা আরও অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ( চমেক ) পাঠান। মধ্যরাতে চমেকে নেয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
এর আগে, বুধবার বিকালে ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সংলগ্ন সীমান্ত এলাকার বাগানে শফিউল আলম সহ আরও কয়েকজন কলার ছড়ি কাটতে যান। এক পর্যায়ে বাগানটিতে সীমান্তের শূণ্যরেখা লাগোয়া স্থানে তিনি কাজ করার সময় আকস্মিক বিকট শব্দে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শফিউলের ডান পায়ের সম্পূর্ণ ক্ষত-বিক্ষত হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
ওসি মোজাম্মেল জানান, বৃহস্পতিবার সকালে নিহতের মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে স্বজন কাছে হস্তান্তর করা হয়েছে।