মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদককে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ইব্রাহিম আলী (৩৮) নামে একজন নিহত হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের আরো ১৫ থেকে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বুধবার সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিম আলী দুর্লভপুরের শওকত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় মাদকসহ পিয়ারুল নামে একজনকে প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তাজেবুর, সেন্টু ও মনিরুলের মধ্যে উত্তেজনা চলে আসছিলো প্রায় তিনমাস ধরে। এরপর স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সালিশে মনিরুল উপস্থিত হয়নি। বুধবার সকালে গ্রামে মনিরুলকে ধরে অপর পক্ষ। এ সময় সালিশে বসাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি হয় এবং তারা সংঘর্ষের জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইটের আঘাতে ইব্রাহিম আলীসহ ১৫ থেকে ২০ জন আহত হয়। পরে আহত ইব্রাহিমকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান বলেন- আহতদের মধ্যে জেলা হাসপাতালে ১২ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে হাসপাতালে একজন ভর্তি রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হোসাইন বলেন, এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।