অনুজ দেব বাপু, চট্টগ্রাম: চট্টগ্রামে সুষ্ঠুভাবে ভোটের দাবি করেছেন সহকারী রিটার্নি কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ। দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই বলেও তিনি জানান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তিনি এ তথ্য জানান।
গণমাধ্যমকে তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা এবং ভোট ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে চলছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করছেন।
নগরীর ১৬ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পর্কে তিনি আরও জানান, চট্টগ্রাম-১ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-২ আসনে ২২ শতাংশ, চট্টগ্রাম-৩ আসনে ৩৫ শতাংশ, চট্টগ্রাম-৪ আসনে ৩৮ শতাংশ, চট্টগ্রাম-৫ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৬ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-৭ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-৮ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৯ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১০ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-১১ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১২ আসনে ৮৮ শতাংশ, চট্টগ্রাম-১৩ আসনে ৩৯ শতাংশ, চট্টগ্রাম-১৪ আসনে ৪৪ শতাংশ, চট্টগ্রাম-১৫ আসনে ৪৯ শতাংশ এবং চট্টগ্রাম-১৬ আসনে ৩৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নগরী ও নগরীর বাইরের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোগ ব্যবস্থাপনার খবর পাওয়া গেলেও অনিয়ম ও বিশৃঙ্খলাও হয়েছে কয়েকটি কেন্দ্রে। সকালে বোয়ালখালীতে ভোটকেন্দ্র থেকে আবু বক্কর (২৫) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। নগরের আকবর শাহ থানাধীন একটি ভোটকেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে মো. নুরুল আফসার (৪৫) নামের এক ভোটার আহত হয়েছেন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের একটি কেন্দ্রে জহিরুল ইসলাম হেলাল নামের এক প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের স্বাক্ষর অগ্রিম নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। ফটিকছড়ি পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের একটি কেন্দ্রের বাইরে বিএনপির কর্মীদের বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীকের তিন সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। এছাড়া সকাল সাড়ে ৭টার দিকে ভোট দিতে গিয়ে কাজীর দেউড়ি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মনু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।