জহিরুল ইসলাম শিবলু লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর জেলার চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে জেলার ৪টি সংসদীয় আসনের ৪৯৬টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি দেখা যায়। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯শ ৫৬জন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন সুষ্ঠু করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। মাঠে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। নির্বাচন কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার চারটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।