মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধে পারিবারিক ভূমিকার গুরুত্ব তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের পুরনো হলরুমে “দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা-ই মুখ্য” প্রতিপাদ্যের পক্ষে ও বিপক্ষে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শুরুর আগে লটারির মাধ্যমে পক্ষ ও বিপক্ষ দল নির্ধারণ করা হয়।
বিতর্কে পক্ষে অংশগ্রহণ করে বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশগ্রহণ করে নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক ও খ গ্রুপের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), নবীনগর উপজেলা শাখার সভাপতি আবু কামাল খন্দকার।
শুরুতেই উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ আল মামুন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।
স্বাগত বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি, নবীনগর উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হোসেন শান্তি।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন। বিচারকমণ্ডলীতে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, মোশাররফ হোসেন ও আশিষ কুমার গুহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্বাস উদ্দিন হেলাল।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।