মিজান লিটন: ঘন কুয়াশার কারণে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি জাকির সম্রাট-৩ ও বরিশালগামী অ্যাডভেঞ্চার-৯ নামে দুই লঞ্চের সংঘর্ষে ৪ যাত্রী নিহত এবং কমপক্ষে আরো ২০জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক দুইটার দিকে মেঘনা নদীর চাঁদপুরের হাইমচর সীমন্তবর্তী নীলকমল বাংলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল ও সদর ঘাট নৌ থানার ইনচার্জ সোহাগ রানা এসব তথ্য নিশ্চিত করেন।
এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের নিহতরা হলেন- ভোলা লামোহন উপজেলার কাজিরাবাদ এলাকার সিরাজুল ইসলাম ব্যাপারীর ছেলে আব্দুল গণি (৩৮), একই গ্রামের মো. কালু খাঁর ছেলে মো. সাজু (৪৫), কচুখালি গজারিয়া গ্রামের মিলনের স্ত্রী রীনা (৩৫) ও চরফ্যাশন উপজেলার আহিমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. হানিফ (৬০)।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। ওই সময় ঘটনাস্থলে ২জন ও পরবর্তীতে আরও দুইজন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল বলেন, রাত আনুমানিক পৌঁনে ৩টার দিকে চাঁদপুর নৌ থানা পুলিশ ঘটনাস্থল যায়। সেখানে দুর্ঘনায় কবলিত কোন লঞ্চ পাওয়া যায়নি। লঞ্চগুলো ঘটনাস্থল ত্যাগ করে।
তবে অ্যাডভেঞ্চার-৯ সকালে বরিশাল থেকে ঝালকাঠি গেলে ঝালকাঠিতে জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জিদ ইবনে আকবর।
হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকার ব্যবসায়ী শামীম বলেন, রাত আনুমানিক দুই টার দিকে নদীতে বিকট শব্দ হয়। সকালে নদী পাড়ে গিয়ে কোন কিছুই পাওয়া যায়নি।
লঞ্চে থাকা যাত্রীরা জানায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল। ওই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিলো বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়।
যাত্রীরা আরো জানায়, দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত এমভি জাকির সম্রাট-৩ যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি কর্ণফুলী-৯ নামে অপর একটি লঞ্চ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, সর্বশেষ তথ্যানুযায়ি দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় নিহত সংখ্যা ৪জন। সদরঘাট দুর্ঘটনা কবলিত লঞ্চটি পরিদর্শনে আসছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।