শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে তীব্র শীতের প্রভাব: দুই দিন ধরে ১১ ডিগ্রি সেলসিয়াস, চা বাগান এলাকায় বিপর্যস্ত জনজীবন

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুই দিন ধরে তীব্র শীত বিরাজ করছে। রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিন শনিবারও একই ছিল। পাহাড়, হাওর ও চা-বাগানবেষ্টিত এলাকায় শীতের দাপট সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে, ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, “শ্রীমঙ্গলে টানা দুই দিন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল থেকে রোদ পাওয়ায় কিছুটা উষ্ণতা মিললেও শীতের দাপট কমছে না।”

শহর এলাকায় সন্ধ্যার পর শীত কিছুটা সহনীয় হলেও হাওর, পাহাড় ও বিশেষ করে চা-বাগান অঞ্চলে ঠান্ডা তীব্র আকার ধারণ করেছে।

এতে সবচেয়ে বেশি ভুগছেন দরিদ্র, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। চা শ্রমিকদের অনেকেই পর্যাপ্ত গরম কাপড় না থাকায় কাজে যেতে ও দৈনন্দিন জীবনযাপনে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

Advertisement

লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য বলেন, “চা বাগানের নারী-পুরুষ শ্রমিকরা শীত নিবারণের জন্য যথেষ্ট গরম কাপড় না থাকায় খুব কষ্টে দিন কাটাচ্ছেন। চা বাগানের মানুষের খবর কেউ নেয় না।”

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক দুলাল হাজরার ভাষায়, “বিকেলের পর চা বাগানে প্রচণ্ড শীত পড়ে। অনেকেই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটাতে পারছেন না। এখনও পর্যন্ত কেউ কম্বল বা গরম কাপড় দেয়নি।”

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন জানান, বেসরকারি উদ্যোগে চা বাগান এলাকায় শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পর্যায়ক্রমে কম্বল বিতরণ করা হবে।