আরমান কবীর, টাঙ্গাইল: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে। আমরা মনে করি, এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ কোন ভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বার বার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশ কমিটি করা দরকার।
শনিবার (৬ ডিসেম্বর )বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণসংহতি আন্দোলন টাঙ্গাইল সদর আসনের প্রার্থী ফাতেমা রহমান বীথির নির্বাচনী মিছিল পূর্ব সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের সাথে সংস্কার অঙ্গাঅঙ্গী ভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোন বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সকলকে ঐক্য বদ্ধ ভাবে এগোতে হবে। আবার নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা করা হচ্ছে হয়। পতিত ফ্যাসিস্টদের কাছ থেকে এমন করা হচ্ছে। নানা ভাবে অনেক গোষ্ঠী তাদের দলের স্বার্থে ক্ষতি করার চেষ্টা করছে।
পরে পৌরউদ্যান থেকে মাথাল মার্কার সমর্থনে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়
এ সময় উপস্থিত ছিলেন, সদর আসনের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন প্রমূখ। এই নির্বাচনী মিছিলে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।