শিরোনাম
◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৫ জুন, ২০১৯, ১২:২২ দুপুর
আপডেট : ২৫ জুন, ২০১৯, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দুয়ায় পিটিয়ে সাংবাদিকের পায়ের হাড় ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক: নেত্রকোণার কেন্দুয়ায় একদল সন্ত্রাসী পিটিয়ে গুরুতর আহত করেছে সাংবাদিক আয়নাল হককে । সন্ত্রাসীদের পিটুনিতে ওই সাংবাদিকের বাম পায়ের হাড় ভেঙে গেছে।

আয়নাল হক দৈনিক ইত্তেফাকের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি স্থানীয় অনলাইন পোর্টাল দৈনিক নেত্রকোণা ডটকমের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আহত সাংবাদিক আয়নাল হক জানান, গত ২১ জুন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তার পত্রিকায় ‘কেন্দুয়ায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া’ শিরোনামে সংবাদ ছাপা হয়। মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। এই সংবাদ ছাপার পর থেকে সংসদ সদস্যের লোকজন তাকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে রোববার দুপুরে কেন্দুয়া প্রেসক্লাবে আসার পথে পৌর ভবনের সামনে ছয়জন সন্ত্রাসী তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে বেধড়ক পেটায়। তাদের পিটুনিতে তার বাম পায়ের হাড় ভেঙে গেছে। কোমরে ও শরীরের অন্যস্থানেও আঘাত লেগেছে।

তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।পরে উন্নত চিকিৎসার জন্যে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বাম পায়ে প্লাস্টারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
সংসদ সদস্য অসীম কুমার উকিলের স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘সাংবাদিক আয়নাল হকের ওপর হামলায় আমাদের কেউ জড়িত নন।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সাংবাদিক আয়নাল হকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।’ তবে কি অভিযোগে জিডি হয়েছে, তা এড়িয়ে গেছেন ওসি।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ