শিরোনাম
◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী ◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিউবায় মার্কিন ও কানাডিয়ান কূটনীতিকদের রহস্যময় অসুখ!

সালেহ্ বিপ্লব : আবারো সেই বিব্রতকর বিপদে পড়েছে কিউবা সরকার। হাভানায় নিযুক্ত কানাডার কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন রহস্যময় অসুস্থতায়! প্রথম দিকে এই ঘটনাকে স্বাভাবিক স্বাস্থ্য সমস্যা বলে মনে করা হলেও ১৪তম ঘটনার পর বিষয়টিকে নিয়ে আর হেলাফেলা করতে রাজি নয় কানাডা। হাভানায় রহস্যময় শারীরিক সমস্যার কথা সরকারিভাবে ঘোষণা করে কানাডা বলেছে, কিউবায় কর্মরত কানাডিয়ানদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। রহস্যময় এ শারীরিক সমস্যার কারণে আরো আগেই ঠিক একই সিদ্ধান্ত নিয়েছিলো কিউবার মার্কিন দূতাবাস। তারাও তাদের কূটনীতিক ও দূতাবাস কর্মীদের সংখ্যা কমিয়ে নিয়েছে। সিএনএন।

কানাডা সরকারের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আমাদের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। তাদের অস্বাভাবিক শারীরিক সমস্যার কারণ জানতে সরকার অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত রহস্যময় এই অসুস্থতার কারণ জানা যায়নি।'
কানাডা সরকার বলছে, গত নভেম্বরে সর্বশেষ ঘটনার পর তারা নিশ্চিত হয়েছে, তাদের দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এর আগে যেসব শারীরিক সমস্যায় পড়েছিলেন, ১৪তম ব্যক্তিও ঠিক সেসব সমস্যাতেই আক্রান্ত।

এদিকে কিউবা বলছে, তারা তাদের ভূখ-ে কোন বিদেশি কূটনীতিকের ওপর কোন ধরণের হামলার সুযোগ দেবে না তৃতীয় কোন দেশকে। মার্কিন কূটনীতিকদের ওপর ‘সনিক অ্যাটাক’-এর অভিযোগ গত সেপ্টেম্বরেই জোরালোভাবে অস্বীকার করেছেন কিউবার প্রেসিডেন্ট। কিন্তু আমেরিকা বা কানাডা, কেনোপক্ষই কিউবা সরকারের বক্তব্যে আস্থা রাখতে পেরেছে বলে মনে হয় না। আমেরিকার পর
কানাডাও কিউবায় অবস্থানরত তাদের কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারিদের পরিবারের সদস্য এবং অগুরুত্বপূর্ণ কর্মীদের দেশে ফিরিয়ে নিয়েছে।
কিউবার মার্কিন দূতাবাসও একই সমস্যার কবলে পড়েছে আরো আগেই, আক্রান্ত হয়েছেন তাদের কূটনীতিক ও কর্মকর্তা-কর্মচারিরা। তাই সতর্কতা হিসেবে কিউবা থেকে নিজেদের অনেক লোককেই তারা সরিয়ে নিয়েছে। অস্বাভাবিক শারীরিক সমস্যাগুলোর জন্যে মার্কিন বিশেষজ্ঞরা প্রাথমিক ভাবে ‘উচ্চমাত্রার শব্দ সৃষ্টিকারি’ অস্ত্রকে দায়ী করেছেন। তারা বলেছেন, এই শব্দের কারণেই তাদের লোকজন নিউরোলজিক্যাল সমস্যায় আক্রান্ত হয়েছেন।

কিউবায় মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার কূটনীতিক পরিবারে অজ্ঞাত-অস্বাভাবিক শারীরিক সমস্যা নিয়ে আরো আগেই কাজ শুরু করেছেন বিশেষজ্ঞরা। গত বছরের মার্চে মেডিক্যাল জার্নাল ‘জামা’ (জেএএমএ) তাদের এক গবেষণাপত্রে জানিয়েছে, কিউবায় অজানা রোগে আক্রান্তদের মনোযোগ, ঘুম, স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তিতে বিভিন্ন জটিলতা দেখা গিয়েছে। আরেকটি বড়ো সমস্যা হচ্ছে মাথাব্যথা। আর এসব সমস্যা তিনমাসেরও বেশি সময় ধরে তাদের ভুগিয়েছে। আক্রান্ত ২১ জনের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে চিকিৎসকরা এসব তথ্য জেনেছেন। আক্রান্তদের অনেকেরই শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা।

তবে ভিন্ন কথা বলতে চেয়েছেন দু’জন বিজ্ঞানী। তাদের একজন ব্রিটিশ ও অপরজন আমেরিকান। তারা নাকি গবেষণা করে দেখেছেন, ছোট্ট লেজবিশিষ্ট ঝিঁঝিঁ পোকার শব্দ থেকে এমন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। অবশ্য এই গবেষণা এখনো স্বীকৃতি পায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়